গাইবান্ধায় তোপের মুখে বক্তব্য অসমাপ্ত রেখে অনুষ্ঠান ত্যাগ করেন উপদেষ্টা আসিফ নজরুল


গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গণভোট ২০২৬ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের আস্থা বৃদ্ধি, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতকরণ এবং গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় একটি মতবিনিময় সভা চলাকালে হাদী হত্যার বিচার দাবিতে বিক্ষুদ্ধ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের তোপের মুখে বক্তব্য অসমাপ্ত রেখে গাইবান্ধায় অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ সোমবার গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় এ ঘটনাটি ঘটেছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার বক্তব্য চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে শুরু করেন। এ সময় সভাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চললেও স্লোগানের কারণে প্রধান অতিথি ড. আসিফ নজরুল তাঁর বক্তব্য শেষ না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ভুয়া ভুয়া, পালাইছে রে পাইলাইছে আসিফ নজরুল পাইলাইছে শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ ঘটনায় সভার কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়। তবে আয়োজকরা জানান, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সভায় জেলা প্রশাসন মাসুদুর রহমান মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এবং সর্ব সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
