হিলি স্থলবন্দরে আবারও চাল আমদানি শুরু


হিলি (দিনাজপুর) প্রতিনিধি
এক মাস ২২ দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানির অনুমতি দেয় সরকার। ফলে আজ বুধবার দুপুর থেকে চাল আমদানি শুরু হয়েছে।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এম. আর. বাধন জানান, গত ৩০ নভেম্বর থেকে চাল আমদানি বন্ধ ছিল। সরকার আবারও চাল আমদানির সিদ্ধান্ত নেওয়ায় বুধবার দুপুর থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। শুল্কমুক্ত সুবিধায় আমদানিকারকেরা চাল আমদানি করছেন। আমদানিকৃত চালের চালান দ্রুততার সঙ্গে সম্পন্ন করে ছাড়করানো হচ্ছে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরের মাধ্যমে মোট ৩২ জন আমদানিকারক ১৪ হাজার মেট্রিক টন চাল আমদানি করার অনুমতি (আইপি) পেয়েছেন। গত ৩দিন আগে তারা কৃষি অধিদপ্তরের খামারবাড়ী থেকে এই অনুমতি পেয়েছেন। ফলে বুধবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি করা হচ্ছে।
আমদানিকারকরা জানান, ভারত থেকে চাল আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে চালের সরবরাহ বাড়বে এবং মূল্য স্থিতিশীল থাকবে। ফলে ভোক্তারা কমদামে চাল কিনতে পারবেন।
