বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
‘‘শিকড় থাকুক সংস্কৃতিতে, ডানা মেলুক শিক্ষায়’’ এই মূলসুরকে সামনে রেখে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের ২ দিন ব্যাপী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১৭টি বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী ২৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
আজ সোমবার বিকেলে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি’র সভাপতিত্বে বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম বলেন, নিজেদের জায়গা করে নিতে দক্ষতাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষাজীবন হলো ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময়। একটা সময় ছিল, যখন শুধু পড়ালেখা করলেই ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব ছিল। কিন্তু আধুনিক যুগে তাল মেলাতে হলে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। শুধু পাঠ্যপুস্তক ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলেই ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত হয় না। তাই শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বহুমুখী দক্ষতাকেও সমান গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. রবি মার্ডী। স্বাগত বক্তব্য রাখেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার অর্পণ ব্লেস পিউরীফিকেশন।
সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখার প্রভাষক অমল আঞ্জোলো রোজারিও এবং মাধ্যমিক শাখার সহকারী শিক্ষক প্রনতি হাসদা’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরীফিকেশন, প্রাথমিক শাখার ইনচার্জ সিস্টার স্মৃতি বাস্কে, ইনচার্জ ব্রাদার গ্রেনার রিচিল, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির আহবায়ক সহকারী শিক্ষক মিসেস সুশীলা টুডু প্রমুখ।
বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলীয় নৃত্য ও দলীয় সংগীত এবং জারী গান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের ২ দিন ব্যাপী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১৭টি বিষয়ে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ী ২৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

Share This