ফুলবাড়ীতে নেচে-গেয়ে ধানের শীষের মিছিলে হাজার হাজার জনতার ঢল


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীকের মিছিলে হাজার হাজার জনতার ঢল দেখা গেছে।
আজ সোমবার বিকেলে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ থেকে এই বিশাল মিছিলটি বের করা হয়। বিভিন্ন ব্যানার ফেষ্টুন হাতে নিয়ে নেতাকর্মিরা ব্যান্ডপার্টী বাজনার তালে তালে নেচে-গেয়ে ধানের শীষের স্লোগান দিতে দিতে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পৌর শহরের শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান ভোট প্রার্থনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।
এছাড়াও বক্তব্য দেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান নবীউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাছান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মখলেছুর রহমান নবাবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলে বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, ফুলবাড়ী-পার্বতীপুরসহ দেশের নেতৃত্ব কার হাতে যাবে- সেই বিষয়টি বিবেচনা করেই ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করবে, নাকি সন্ত্রাসী ও ভূমিদস্যুেদর দৌরাত্ম্য বাড়াবে- সে সিদ্ধান্ত ভোটারদের নিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের নেতৃত্ব মৌলবাদী ও উগ্রপন্থীদের হাতে যাবে, নাকি প্রগতিশীল ও স্বাধীনতার পক্ষের দেশপ্রেমিকদের হাতে থাকবে-এ বিষয়েও জনগণকে সচেতন হতে হবে। দেশ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দল-মতের ঊর্ধ্বে উঠে সকল শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষকে একত্রিত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
