বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে অন্তর্ভুক্তিমূলক ভোটার সচেতনতা বিষয়ক মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারী, যুব এবং প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুর জেলা পর্যায়ে স্টেকহোল্ডারগনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দিনাজপুর শহরের কলেজ মোড়স্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিতে ‘স্বর্ণভূমি মহিলা উন্নয়ন সংস্থা’ ও পামডো’র যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ‘স্বর্ণভূমি মহিলা উন্নয়ন সংস্থা’র ফাউন্ডার ও নির্বাহী পরিচালক সারা মারান্ডী’র সঞ্চালনা ও পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি, দিনাজপুরের পরিচালক মানিক সরেন। এছাড়া বক্তব্য দেন বিরামপুর উপজেলা কো-অর্ডিনেটর গণেশ হেমরম, ফিল্ড ফ্যাসিলিটেটর মুক্তা মার্ডী, জয়পুরহাট পামডো’র প্রজেক্ট অফিসার সাহাবুর রহমান ও প্রজেক্ট সুপারভাইজার রবিউল ইসলাম।
সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের পদ্ধতি, নির্বাচনী ব্যালটে সঠিকভাবে সিল মারা, ব্যালট পেপার ভাঁজ করা এবং গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ প্রদানের নিয়মাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। ভোটারদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা এবং গণভোট প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া সময়ের দাবি।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখার চেয়ারম্যান লুকাস সরেন, সিয়োন কুড়ি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সরলা সরেন, বাংলাদেশ আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি আলবিনুস টুডু, আদিবাসী নারী শক্তি মঞ্চের সভাপতি রানী হাঁসদা, জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুরের সভাপতি শিবানি তির্কী, বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি বিশ্বনাথ সিং, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি কারণ শাখার সভাপতি নারায়ন মার্ডি, জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম দিনাজপুর এর সহ-সভাপতি রঙ্গলাল বাসফোর, বাংলাদেশ আদিবাসী মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক মানিক সরকার মুর্মু, বাংলাদেশ আদিবাসী নারী মুক্তি মোর্চা দিনাজপুরের সভাপতি শিউলি বাড়া, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন দিনাজপুরের সহ-সভাপতি হারুন বিশ্বাস, বাংলাদেশ আদিবাসী মুক্তি মোর্চা দিনাজপুরের সদস্য লিমন রোমিও কুজুরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা ভোটার সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

Share This