দিনাজপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী আখতারুজ্জামান মিয়া জয়ী


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট।
এছাড়া জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকে নুরুল আমিন শাহ ৩ হাজার ১৫২ ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে আনোয়ার হোসেন নদভী ১ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল ঘোষণা করে বেসরকারি ভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুজ্জামান মিয়াকে জয়ী ঘোষণা করেন।
জানা যায়, দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদীয় আসনের মোট ভোটার ৪ লক্ষ ২১ হাজার ২৭৮। এর মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে শতকরা ৭২.৮৭% ভোটার উপস্থিতি ছিল।
ভোটের দিনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দুই উপজেলার ১৩০টি কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
খানসামা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোটকেন্দ্রগুলোতে বিপুল ভোটারের উপস্থিতি। বিশেষ করে নারী ও সনাতন ধর্মীয় ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এছাড়াও প্রথমবারের মতো ভোট দিয়ে তরুণ ভোটাররা আনন্দ প্রকাশ করেন। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা।
দিনাজপুর-৪ আসনের দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নব-নির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেন, সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশগঠন ও এই আসনের উন্নয়নে কাজ করে যাব।
উল্লেখ্য, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আখতারুজ্জামান মিয়া।
