বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে সার পাচারের সময় স্থানীয় জনতা ৮৩ বস্তা সার আটক করে মহাসড়ক অবরোধ করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সার ব্যবসায়ীদ্বয়কে হেফাজতে নিয়ে সার জব্দ করে জরিমানা করলে জনতা মহাসড়কে অবরোধ তুলে নেয়। এ ঘটনাটি গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৮ টায় উপজেলার পুনট্রি ইউনিয়নের আমতলী বাজারে ঘটেছে।
প্রত্যক্ষদর্শীগণ জানান, আমতলী বাজারের সার ব্যবসায়ী মাহমুদুল হক (৪২) ও জাহাঙ্গীর আলম দুজনে মিলে ৭ টি ভ্যানে করে ৮৩ বস্তা সার দিনাজপুর কোতয়ালী সদর থানার উদ্দেশ্যে পাচারের সময় স্থানীয় জনতা ভ্যানসহ সার আটক করে এবং প্রতিবাদে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসারসহ ঘটনাস্থলে পৌঁছে সার ব্যবসায়ীদ্বয়কে হেফাজতে নিয়ে সার জব্দ করা হয়। স্থানীয় উত্তেজিত জনতাকে শান্ত করে ৩ ঘন্টা পর পরিস্থিতি শান্ত করে মহাসড়কে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, উপজেলায় ২০ জন বিসিসিআই সার ডিলারের বাইরে ২০০৮ সালে ২৭ জন খুচরো বিক্রেতাকে সার বিক্রির অনুমতি দেয়া হয়েছিল। হেফাজতকৃত সার ব্যবসায়ীদ্বয় তালিকা বহির্ভুত সার ব্যবসায়ী। পুরো উপজেলায় তালিকা বহির্ভূত খুচরো সার ব্যবসায়ীর কোন জরিপ বা তালিকা এই অফিসে নাই।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা বলেন, সারগুলি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসকের জিম্মায় রাখা হয়েছে। বিকেলে ইউনিয়ন প্রশাসক ও কৃষি অফিসের সহায়তায় সরকারি ন্যায্যমুল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে সার পাচারকারী দুই সার ব্যবসায়ীর মধ্যে মাহমুদুল হককে ৫০ হাজার টাকা ও জাহাঙ্গীর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এরপর উত্তেজিত জনতাকে শান্ত করে মহাসড়কের অবরোধ প্রত্যাহার করিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS