শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও নারী-পুরুষসহ অন্তত সাতজন আহত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে বীরগঞ্জ উপজেলা সদরে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের সামনে সড়ক দুর্ঘটনায় নুর ইসলাম (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
নিহত নুর ইসলাম বিরল উপজেলার কাঠারিপাড়া গ্রামের মো. রজব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন কাপড় ও সেমাই-চিনি নিয়ে বোনের বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয় তারা। সকাল ৮টার দিকে বীরগঞ্জ পৌরশহরের ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন এসে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের উপর পড়ে দুর্ঘটনায় শিকার হয়ে নুর ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক বিরল উপজেলার মির্জাপুর বজরাপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে রয়েল (৩৫) গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম রয়েলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের (কবিরাজ – মদনপুর) আঞ্চলিক সড়কের মদনপুর ভাঙ্গাপুল নামক স্থানে বালু বোঝাই ট্রাক্টর ও অটো চার্জারের সাথে মুখোমুখি সংঘর্ষে বন্দারু (২০) নামের এক যুবক নিহত এবং নারী-পুরুষসহ ৬ জন আহত হয়েছে।
নিহত বন্দারু দিনাজপুরের বিরল উপজেলার বাজনার হার এলাকার ব্রিটিশ সরকারের ছেলে।
আহতরা হলেন- একই এলাকার জগদীশ রায়ের মেয়ে সুবর্ণা (১৫), বালা (৪৫), শশীলালের মেয়ে গীতা (৪৫), শুকুরা রায়ের মেয়ে প্রমিলা (৩০),বধু সেন্টুর মেয়ে বাবলী বালা (৪০) ও হরি মহনের ছেলে সেন্টু (৪১)।
স্থানীয়রা জানান, বিরল উপজেলার ধুকুরঝাড়ী হতে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে পাত্রী দেখে ফেরার পথে উপজেলা সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের আমতলী সংলগ্ন সড়কে এসে পৌঁছালে বিপরীত থেকে আসা বালু বোঝাই ট্রলি ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে বন্দারু নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান,গত রাতের সড়ক দুর্ঘটনার ঘটনায় ট্রলি আটক করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS