রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের হিলিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ শনিবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে এসব সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে ৯ জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া ২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার এবং ১ জনকে ট্রাই সাইকেল প্রদান করা হয়।
সহায়তা পেয়ে উপকারভোগীরা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের চলাফেরা ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে সমাজকল্যাণ মন্ত্রী হিলি আজিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি হাকিমপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি’র নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষ যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে জন্য সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম চালু রেখেছে।
তিনি আরও বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। এখানকার রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। হিলিকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS