বীরগঞ্জে ইলিশের বাজারে আগুন


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
পহেলা বৈশাখকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ পৌরবাজারসহ বিভিন্ন মাছের বাজারে ইলিশের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। বাজারে মাঝারি থেকে বড় সাইজের ইলিশ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
অনেকেই বলছেন, ঐতিহ্যের টানে ইলিশ কিনতে গেলেও বর্তমান দামে তা আর সবার পক্ষে সম্ভব হচ্ছে না।
বৈশাখী বরণ উৎসবে ইলিশের চড়া দামে ক্রেতাদের আনাগোনা একেবারেই কম।
বিক্রেতারা জানান, এ সময় প্রতিবছরই ইলিশের চাহিদা বাড়ে। তবে এবার সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম আরো বেশি বেড়েছে। বাজারে বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৩ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের ইলিশও ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
মাছ ব্যবসায়ীরা বলছেন, নববর্ষ উপলক্ষে অনেক পরিবারই পান্তা-ইলিশ খাওয়ার পরিকল্পনা করে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি চাহিদা তৈরি হয়। সেই সুযোগে বাজারে দামও দ্রুত বাড়ে।
বিগত বছরগুলোতে বীরগঞ্জ উপজেলায় ইলিশের রমরমা বেচাকেনা হলেও ইলিশের পাইকারি আড়ৎ ও খুচরা দোকানগুলো তুলনামূলক বিক্রি কম। পহেলা বৈশাখের আগে পৌরশহরের দৈনিক বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেল। আজ বীরগঞ্জ পৌরশহরের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে ও দৈনিক বাজারে সর্বনিম্ন প্রতি কেজি ইলিশ আকারভেদে এক হাজার টাকা থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত দাম চান বিক্রেতারা।
শহরের এই বাজারে এক কেজি আকারের ইলিশ প্রতি কেজি ১৮শ’ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ ২৬শ’ টাকা এবং ছোট আকারের (৩টি) এক কেজি ৮শ’ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। বিক্রেতা সোহেল জানান, এবার চাহিদার তুলনায় সরবরাহ কম। কারণ হিসেবে তারা বলছেন, সাগরে মাছ ধরা বন্ধ এবং জ্বালানি সংকটের কারণে এবার ইলিশের বাজারে মন্দাভাব বিরাজ করছে। তারপরেও উৎসব প্রিয় বাঙালি সাধ্যমত দরদাম করে মাছ কিনছেন।
