রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় শহরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টুনসহ বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
রাজবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ পারভিন এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএম শাহজাহান সিদ্দিক।
এছাড়াও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ এর সার্বিক তত্ত্বাবধানে এর আগে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবান্ধব সরকার। শিশুদের ক্রীড়া শিক্ষায় শিক্ষিত করতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে শরীর চর্চা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
রেফারী ওবায়দুর রহমানের পরিচালনায় উদ্বোধনী ম্যাচে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সুজিত রায়, মোশারফ হোসেন ও হুমায়ুন কবির রিপন। টুর্নামেন্টে উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করেছে বলে জানান আয়োজক।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS