রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুস্থ ও গরিব জনগণের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও ৮০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। সরকার সবসময় দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। তিনি বলেন, এই ধরনের সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মোট ২১০টি পরিবারের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যদিকে, উপজেলা প্রাণিসম্পদ অফিসের নিজ কার্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় উপজেলার ৮০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।
প্রতিটি সুবিধাভোগীদের ২টি করে ছাগল, ৫০ কেজি করে ছাগলের খাদ্য, ৫টি করে ম্যাট, ২টি টিন এবং ৪টি করে পিলার প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS