

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা ঘিরে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
আজ রোববার বিকেলে শহরের জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে জড়ো হয়ে আনন্দ মিছিল বের করেন। পরে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।
পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নবগঠিত কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। আগামী দিনে বিএনপিকে আরো শক্তিশালী করতে এবং যেকোন পরিস্থিতিতে দলের পাশে থেকে সবাইকে একজোট হয়ে কাজ করতে আহ্বান জানান তারা।
এসময় জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মুন্নাফ মুকুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার ৮ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আহ্বায়ক হিসেবে আব্দুল রাজ্জাক ও সদস্য সচিব রিফাত চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
