

দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় ২টি ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চকদল এলাকায় মেসার্স এম এম বি ব্রিকস ও খলিসাগাড়ি এলাকায় মেসার্স এ ও এল ব্রিকস নামক দুইটি ইট ভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা ও পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় রংপুরের রিসার্চ অফিসার মো. রুনায়েত আমিন রেজা।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক কাজে সহযোগিতা প্রদান করেন দিনাজপুর সদর ও নবাবগঞ্জ থানা পুলিশ, র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) ও দিনাজপুর জেলা ফায়ার সার্ভিসের একটি চৌকশ দল।
অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের কর্তৃপক্ষ।
