×

বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল, পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নে আত্রাই নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার কালীর বাজার সংলগ্ন আত্রাই নদীর বালুমহাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে মান্না ইসলাম (৪৫) ও তাঁর ছোট ভাই সাদ্দাম ইসলাম (৩২)।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে গত রবিবার (৩১ মে) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাদ্দাম ইসলাম। সঙ্গে ছিলেন তাঁর বড় ভাই মান্না ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা।
আজ বুধবার দুপুরে তাঁরা খানসামা উপজেলার ঐতিহ্যবাহী লিচুবাগান দেখতে আসেন। পরে দুপুর ১টার দিকে জোয়ার কালীর বাজার এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামেন দুই ভাই। একপর্যায়ে তাঁরা পানিতে তলিয়ে নিখোঁজ হন। তাঁদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর বিকেল প্রায় ৩টার দিকে নদী থেকে দুই ভাইকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী জানান, নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই পানিতে ডুবে মারা গেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। থানা পুলিশের সহায়তায় নিহত দুই ভাইয়ের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।