

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলায় সেবক পার্টি শ্রমিক কল্যাণ পরিষদের আলোচনা সভা ও নতুন কার্যালয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে বিরলের কাঞ্চন ঘাট জীবন মহল সংলগ্ন কার্যালয়ে সেবক পার্টির আহবায়ক এনামুল হক মনি এর সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুজ্জামান হেলাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেবক পার্টির চেয়ারম্যান মানবসেবক ড. আনোয়ার চৌধুরী জীবন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের পাশে দাঁড়ানোর প্রকৃত অর্থ হলো তাদের শ্রম অধিকার নিশ্চিত করা, কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং নিয়মিত সেবার মাধ্যমে পাশে থাকা। শ্রমিকদের ন্যায্য অধিকার, সংগঠনের কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, এই বিরল ও বোচাগঞ্জ এলাকার নিরীহ মানুষদের আমি আমার আত্মার আত্মীয় মনে করি। বিগত ২৫ বছর ধরে আমার জীবনের উপার্জন এই এলাকার কল্যাণে ব্যয় করেছি। আমি আমার পরিবার নিয়ে কানাডা আমেরিকা মতো উন্নত দেশে থাকতে পারতাম কিন্তু তা না করে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি আমার মা বাবাকে যেমন ভালোবাসি তেমনি এখানকার মেহনতী মানুষ এবং এই মাটিকে ভালোবাসি।
তিনি বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সেবক পার্টি শ্রমিক কল্যাণ পরিষদে যোগ দিন। এই সেবক পার্টি শ্রমিক কল্যাণ পরিষদ সব সময় পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বক্তব্য শেষে প্রধান অতিথি উপস্থিত সকলকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সেবক পার্টি শ্রমিক কল্যাণ পরিষদের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। পরে তিনি সেবক পার্টি শ্রমিক কল্যাণ পরিষদের প্রথম সদস্য কূপন নিজ হাতে পূরণ করে সদস্য সংগ্রহ কার্যক্রমেরও উদ্বোধন করেন।
