

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। বদলি হিসেবে নেমে গোল করে দলের জয় নিশ্চিত করেছেন তরুণ ফরোয়ার্ড এনড্রিক। তবে ২-১ গোলের এই জয়ের মধ্যেও রাইট-ব্যাক ওয়েসলির চোট কিছুটা চিন্তায় ফেলেছে কোচ কার্লো আনচেলত্তিকে।
শনিবার যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। সপ্তম মিনিটে মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুল থেকে বল পেয়ে গোল করেন ব্রুনো গিমারেস।
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিট পরই ব্রাজিলের রক্ষণভাগের ভুলে সমতায় ফেরে মিশর। মারকুইনহোসের দুর্বল ব্যাকপাস কেড়ে নিয়ে গোলরক্ষককে একা পেয়ে সহজেই বল জালে পাঠান মোস্তফা জিকো।
এরপর ১৫ মিনিটে বড় ধাক্কা খায় ব্রাজিল। আক্রমণে ওঠার সময় চোট পান ওয়েসলি। চিকিৎসা নেওয়ার পরও খেলতে না পেরে দুই মিনিট পর মাঠ ছাড়েন তিনি। তার জায়গায় নামেন অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো।
বিরতির পর ম্যাচের চেহারা বদলে দিতে একসঙ্গে আটজন খেলোয়াড় পরিবর্তন করেন আনচেলত্তি। সেই পরিবর্তনের অন্যতম ছিলেন এনড্রিক, আর শেষ পর্যন্ত তিনিই হয়ে ওঠেন ম্যাচের নায়ক।
মাঠে নামার মাত্র ছয় মিনিট পর রাফিনিয়ার পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন এনড্রিক। তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল, যা শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। গোলের পর কোচ আনচেলত্তিকে জড়িয়ে ধরে উদযাপন করেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহ মাঠে নামলেও ব্রাজিলের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেননি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা।
টানা দুই প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ায় বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী অবস্থানেই রয়েছে ব্রাজিল। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
