×

ফুলবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির কুফল, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম আনসারীর সঞ্চালনায় এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চকমথুরা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আসাদুজ্জামান, খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ফেরদৌস আলম বাবুল প্রমুখ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


প্রতিযোগিতায় ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।