×

নন্দীগ্রামে মূল্য তালিকা ছাড়াই এলপিজি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এলপিজি গ্যাস বিক্রির ক্ষেত্রে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মোবাইল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার বিকেল ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির সময় ভোক্তাদের অবগতির জন্য দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক। কিন্তু দুইটি প্রতিষ্ঠান এ নিয়ম অমান্য করে ব্যবসা পরিচালনা করছিল। এ অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কলেজপাড়া এলাকার আবু মুসার ছেলে সাইদুল ইসলাম (৩২)। তার প্রতিষ্ঠান মেসার্স সাঈদ ট্রেডার্স। অপরজন সিধইল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে রুবেল (২৬)। তার প্রতিষ্ঠান বিসমিল্লাহ ট্রেডার্স। অভিযান পরিচালনার সময় নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে স্বচ্ছতা নিশ্চিত এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।