×

আক্কেলপুরে মাদকমুক্ত নিরাপদ গ্রাম গঠনে কমিটি ঘোষণা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
“মাদকমুক্ত গ্রাম গড়ি, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামে মাদক, চুরি ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে আজ মঙ্গলবার বিকেলে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীকৃষ্টপুর যুবসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা। সভায় সভাপতিত্ব করেন আক্কেলপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. রফিকুল ইসলাম চপল এবং সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর পৌর শাখার সেক্রেটারি মো. রিপন হোসেন।
এসময় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। মাদকের বিস্তারের সঙ্গে চুরি, ছিনতাই, কিশোর অপরাধ, পারিবারিক অশান্তি ও সামাজিক অবক্ষয়ের গভীর সম্পর্ক রয়েছে। তাই এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে।
প্রধান অতিথি ওসি মো. শাহীন রেজা বলেন, মাদক ও অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। মাদক ব্যবসায়ী, চোর ও অন্যান্য অপরাধীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হয়ে নৈতিক, মানবিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সভা শেষে শ্রীকৃষ্টপুর মাদক নির্মূল কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা শ্রীকৃষ্টপুর গ্রামকে মাদক, চুরি ও সামাজিক অবক্ষয়মুক্ত একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আদর্শ গ্রামে পরিণত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের সহযোগিতায় নিরলসভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ এবং বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শ্রীকৃষ্টপুরকে একটি মাদকমুক্ত ও অপরাধমুক্ত মডেল গ্রাম হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।