আরিফ হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন


পঞ্চগড় প্রতিনিধি: ২০২৩ সালের ৩ মার্চ পঞ্চগড়ে কাদিয়ানীদের সালানা জলসা বন্ধের দাবিতে আন্দোলন চলাকালে বিজিবির গুলিতে নিহত হন আরিফুর রহমান (আরিফ) নামে এক যুবক। আন্দোলনের মিছিল থেকে বাড়ি ফেরার পথে ডোকর পাড়া আবাসিক এলাকায় তাকে গুলি করা হয়।
ঘটনার ৯২ দিন পর, গত বছরের ৪ জুন, থানায় একটি মামলা দায়ের করা হলেও এখনো হত্যার সঙ্গে জড়িতদের বিচার হয়নি। এতে আরিফের পরিবার, সহপাঠী এবং ছাত্রসমাজ ক্ষোভে ফুঁসে ওঠে এবং বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে।
আজ রবিবার দুপুরে শহীদ আরিফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে নিহত আরিফের বাবা ফরমান আলীসহ তার সহপাঠীরা বক্তব্য রাখেন।

বক্তারা জানান, গত বছরের জুন মাসে মামলাটি দায়ের হওয়ার পরও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। আরিফ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যার মৃত্যুতে পরিবারটি বর্তমানে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। তার পরিবারকে কেউ খোঁজ নিচ্ছে না।
নিহত আরিফের পরিবার ও সহপাঠীরা তার হত্যার দ্রুত বিচার দাবি করেছেন, তাদের মতে, এতদিন পরেও বিচার না হওয়ায় তারা ভীষণ ক্ষুব্ধ ও হতাশ। বক্তারা সতর্ক করেছেন, যদি দ্রুত সুষ্ঠু বিচার প্রক্রিয়া শুরু না হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন
