

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তঃবিদ্যালয় মেধা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ মেধা উৎসবের আয়োজন করে বিদ্যালয়টির শিক্ষার্থী কার্যনির্বাহী সংসদ। এতে ইংরেজি বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেছেন গুপ্তা পরিবারের কনিষ্ঠ কণ্যা সেজুতি গুপ্তা।
তার এই সাফল্য অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক দেশ মা পরিবার।
জানা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ মেধা উৎসবে কবিতা আবৃত্তি, রম্য বক্তৃতা, বিজ্ঞান অলিম্পিয়াড, দাবা, ইংলিশ স্পোকেন, বিজ্ঞান কুইজ, সাধারণ জ্ঞান কুইজ, বাংলা সাহিত্য ও কাজী নজরুল ইসলামবিষয়ক কুইজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক কুইজ এবং ইংরেজি বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনভর প্রতিযোগিতা শেষে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিভিন্ন শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিযোগীদের মেধা, উপস্থাপনা, সৃজনশীলতা ও বিষয়ভিত্তিক দক্ষতা মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও সাংবাদিক আজিজুল হক সরকার, সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন, প্রভাষক মিজানুর রহমান এবং প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকি,শিক্ষক সুজন সরকার, শিক্ষক সঞ্জীব চক্রবর্তী ।
