×

নবাবগঞ্জের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পাস করেনি কেউ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৯জন শিক্ষার্থীর একজনও পাস করেনি।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে মানবিক ও বিজ্ঞান বিভাগ মোট ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তবে প্রকাশিত ফলাফলে দেখা যায়, অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
এই বিদ্যালয়ের ১৯ জন পরীক্ষার্থীর কেউই পাস না করায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয় কর্তৃপক্ষের কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, যারা পরীক্ষা দিয়েছেন তারা কেউ নিয়মিত ক্লাস করত না। তারা শুধু রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করে কাজের জন্য বাইরে চলে যেত। আমরা তাদের পড়াশোনার জন্য চেষ্টা করেছি। কিন্তু তারা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকায় এ ধরনের ফলাফল হয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল শূন্য অথবা কোনো শিক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।