শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেলাল হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন । বুধবার বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ব্রহ্মচারী নামক এলাকার কুইক চিকস মুরগি ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন বগুড়া জেলার কাহালু উপজেলার জোগার পাড়া গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে।

আহতরা হলেন, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার পারভেজ আলীর এর ছেলে আব্দুর রশিদ(৩৫),একই জেলার শুকান গাড়ী এলাকার মোন্নাফ মন্ডলের ছেলে (ট্রাক চালক) হাবিবুর রহমান (৩২), দুপচাঁচিয়া উপজেলার বারমাইল বোলার পাড়া গ্রামের মৃত হায়দার মন্ডলের ছেলে (ট্রাক চালক) ইরফান আলী (৪৫), পাবনা জেলার ইশ্বরদী থানার আব্দুল গফুর খাঁ এর ছেলে হোসেন আলী (৪০)। ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, বিকেল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি ধানের তুশ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৮৯৯৪) বগুড়া অভিমুখে যাওয়ার পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ব্রহ্মচারী এলাকার মুরগি ফার্মের সামনে পৌঁছালে বিরামপুর থেকে ছেড়ে আসা ফুলবাড়ী অভিমুখী অপর একটি খালি ট্রাক (মেট্রো-ট ১৮-২১৩৭) অভারটেক করতে গেলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের দিক দুমড়ে মুচড়ে যায় এবং ধানের তুশ বোঝাই ট্রাকের শ্রমিক বেলাল হোসেন ঘটনা স্থলেই নিহত হয়। এ ঘটনায় দুই ট্রাকের ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, আহতদের স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাক দুটো পুলিশি হেফাজতে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This