×

ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বহিষ্কৃতদের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে দলের বহিষ্কৃত নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, লাঞ্ছিত ও সন্ত্রাসী কার‌্যক্রমের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি।
আজ বুধবার দুপুর ১টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
অধ্যক্ষ খুরশিদ আলম মতি অভিযোগ করেন, বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন নেতা দলের নাম ভাঙিয়ে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে কাজীহাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান নেতাকর্মীদের নিয়ে সরকারি কলেজ মাঠে সমবেত হওয়ার সময় বহিষ্কৃত নেতাকর্মীরা তাদের হেনস্তা ও লাঞ্ছিত করেন।
তিনি বলেন, বহিষ্কৃতদের এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যারিস্টার কামরুজ্জামানের প্রতি বিরুদ্ধাচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় উপজেলা বিএনপি আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। একই সঙ্গে কতিপয় সাংবাদিকের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের অভিযোগ তুলে ঘটনার প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।
এদিকে উপজেলা বিএনপির এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাহাজুল ইসলাম।
তিনি বলেন, আমাদের চারজনকে বহিষ্কার করা হয়েছে। আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে পৃথক স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। তাদের জায়গা ভিন্ন, আমাদের জায়গাও ভিন্ন ছিল। বরং আমাদের কর্মীদের টেনে তাদের জায়গায় নেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুরো ঘটনার ভিডিও ফুটেজ ভালোভাবে দেখলেই প্রকৃত ঘটনা বোঝা যাবে।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজমুল হক নাজিম, যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য মাহবুব আলম মিলন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মর্তুজা হক অস্টিন, যুগ্ম আহ্বায়ক মানিক মন্ডল, যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাজেদ, সদস্য ও সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।