

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রাম উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অঃদাঃ) মোসা. নার্গিস পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারওয়ার জাহান, ইউআরসি ইন্সট্রাক্টর সামসুল আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু, মহেশ চন্দ্র দেবনাথ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাংবাদিক মামুন আহমেদ, সহকারী শিক্ষক আবু তাহের, অনিক ইসলাম প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন নন্দীগ্রাম সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আর শিক্ষার মূল ভিত্তি হলো সাক্ষরতা। সাক্ষরতার মাধ্যমে মানুষ নিজের অধিকার, দায়িত্ব ও সমাজের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।
তারা আরও বলেন, শুধু নাম লিখতে ও পড়তে পারাই সাক্ষরতার উদ্দেশ্য নয়; বরং বাস্তব জীবনে জ্ঞান ও দক্ষতার প্রয়োগের মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানোই সাক্ষরতার মূল লক্ষ্য। তাই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সকল মানুষকে সাক্ষরতার আওতায় আনতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
ওই সময় উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক/ শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
