

বোচাগঞ্জ প্রতিনিধি
বোতলের গায়ে নির্ধারিত মূল্য মুছে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে দিনাজপুরের বোচাগঞ্জে ‘দুলাল স্টোর’ নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানাসহ ১১৯ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আরও ৫টি প্রতিষ্ঠানসহ সর্বমোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বোচাগঞ্জ উপজেলায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।
অভিযান সূত্রে জানা যায়, সরেজমিন তদন্তে পরিচালিত এ তদারকি অভিযানে দুলাল স্টোরে বোতলজাত সয়াবিন তেলের গায়ের নির্ধারিত মূল্য মুছে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে দোকানটিতে থাকা ১১৯ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এছাড়া ভোক্তা অধিকার পরিপন্থী কাজের দায়ে অন্যান্য ৫টি প্রতিষ্ঠান থেকে আরও ১৭ হাজার টাকাসহ মোট ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরবর্তীতে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসানের উপস্থিতিতে জব্দকৃত ১১৯ লিটার সয়াবিন তেল উপজেলার ১৭টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানকালে দিনাজপুর পুলিশ লাইনের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
