

নিজস্ব প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আজ সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পার্বতীপুর উপজেলা পরিষদে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কলেজটির শিক্ষার্থীরা একাধিক পুরস্কার অর্জন করে। এর মধ্যে কবিতা আবৃত্তিতে ইসরাত জাহান প্রথম স্থান এবং রচনা প্রতিযোগিতায় আতকিয়া ফাইজা প্রথম স্থান অর্জন করে।
এছাড়া নৃত্য প্রতিযোগিতায় অনিন্দিতা রায় মন্দিরা দ্বিতীয় স্থান, একক অভিনয়ে আফরিন আক্তার দ্বিতীয় স্থান এবং সংগীত প্রতিযোগিতায় ইসরাত জাহান তৃতীয় স্থান অর্জন করে।
কলেজের শরীরচর্চা শিক্ষক সৈয়দ মোহাম্মদ আলী বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটায়। নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এটাই প্রত্যাশা।
ভবানীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একই সঙ্গে কলেজের পক্ষ থেকে এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আরও বেশি অংশগ্রহণে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
