×

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামের রমজান আলী হাবিল নামের এক কৃষকের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় কৃষক ওই কৃষকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সন্ধ্যায়গ গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), জয়পুরহাটের সদস্যরা শিরতা গ্রামে সার গুলো জব্দ করে। এ সময় বাড়ি থেকে ডিএপি ২৩ বস্তা, এমওপি ২৭ বস্তা, টিএসপি ২০ বস্তা ও ইউরিয়া ৬ বস্তাসহ মোট ৭৬ বস্তা সার জব্দ করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জব্দ করা সারের মধ্যে ১ বস্তা খোলা ও ২১ বস্তা সারের বৈধ কাগজপত্র পাওয়া যায়। বাকি ৫৪ বস্তা সার জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। রমজান আলী হাবিল শিরতা গ্রামের জয়নাল আলীর ছেলে।
পরে রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে সার মজুদের অপরাধে রমজান আলী হাবিলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন জানান, জব্দ করা সার মঙ্গলবার (৬ অক্টোবর) সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।