

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কাহালু উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। প্রশিক্ষণে কাহালু উপজেলার মুরাইলসহ বিভিন্ন ইউনিয়নের ১৫ জন এবং নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ১৫ জন তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন ব্যাংকক থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেলা সাড়ে ১১টায় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করা এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলা। এ কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।সংসদ সদস্য বলেন, সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রতিটি ধাপে সঠিক তথ্য যাচাই-বাছাই এবং নির্ধারিত নিয়ম অনুসরণ করা জরুরি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানম এবং নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আ.খ.ম তোফাজ্জল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, কাহালু নারহট্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম রব্বানী, কাহালু উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবিদুর রহমান (আবির), নন্দীগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, এ ছাড়া কাহালু উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
