

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরে নবাবগঞ্জে নয়নজলি থেকে অর্ধ গলিত অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ। এক পথচারী সড়কের পাশের নয়নজলিতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আজ মঙ্গলবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার দলারদরগা বাজারের পশ্চিম পাশে নয়নজুলি থেকে দুপুর ২টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে নিহত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, কত দিন আগে তাঁর মৃত্যু হয়েছে কিংবা কী কারণে তিনি সেখানে পড়ে ছিলেন, তাৎক্ষণিকভাবে এসব বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। নিহত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
