

নিজস্ব প্রতিবেদক
প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনীয় সহায়তা, সরকারি–বেসরকারি সেবা প্রাপ্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় ও লিংকেজ নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে সচেতনতামূলক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সিসিডিবি–এর ‘সমান আওয়াজ প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে সহযোগিতা করছে Coady Institute I Global Affairs Canada (GAC)।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সানোয়ারুল ইসলাম। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিত করে তাদের সরকারি ও বেসরকারি সেবার সঙ্গে যুক্ত করতে কমিউনিটি সহযোগীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি তার দপ্তরের সেবা সমূহ সম্পর্কে অবহিত করেন।
কর্মসূচিতে সিএসও সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, যুব নেতা, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী, এনজিওকর্মী, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিতকরণ, সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রবেশাধিকার, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ ও লিংকেজ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের অধিকার, সুযোগ ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, নারীর নেতৃত্ব এবং জবাবদিহিমূলক সুশাসন আরও শক্তিশালী হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
কর্মশালায় সমাজ আওয়াজ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
