×

সাদুল্লাপুরে ব্রিজের নিচে নারীর মরদেহ, পরিচয় নিয়ে মা-সন্তানের ভিন্ন দাবি

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি নিখোঁজ আঞ্জু বেগমের বলে দাবি করেছেন তাঁর মা। তবে ওই নারীর সন্তানরা বলছেন, এটি তাঁদের মায়ের মরদেহ নয়।
আজ শনিবার সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর।
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় গ্রামের আঞ্জু বেগম (৪০) গত ৯ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন। তাঁর মা খুকি বেগম উদ্ধার হওয়া মরদেহটি মেয়ের বলে দাবি করলেও মেয়ে শাপলা বেগম ও ছেলে আমিনুল ইসলাম তা অস্বীকার করেছেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজের ঘটনায় থানায় কোনো জিডি করা হয়নি বলেও জানান তিনি।