×

আট বছর ধরে ঢাকার পথে পথে! বাবা-মায়ের কাছে ফিরতে চায় ফুলবাড়ীর মুন্না

নিজস্ব প্রতিবেদক
একদিন রাগ করে বাড়ি থেকে বের হয়ে ট্রেনে চড়ে রওনা হয় অজানার উদ্দেশ্যে। ট্রেন থামে ঢাকায়। তার স্থান হয় রাস্তার পাশে পথ শিশুদের সাথে। তারপর থেকে রাস্তায় খাওয়া রাস্তায় ঘুমানো, এরই মাঝে কেটে গেছে ৮ বছর। এখন সেই শিশুটি তার বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায়। এমনি এক ঘটনার বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানাগেছে, মাত্র ছয় বছর বয়সে পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিশু মুন্না। এরপর কেটে গেছে প্রায় ৮ বছর। এই দীর্ঘ সময়ে রাস্তায় রাস্তায় ঘুরে, পথশিশুদের সঙ্গে থেকে জীবন কাটিয়েছে সে। বর্তমানে তার বয়স প্রায় ১৪ বছর। এখন সে আবার ফিরে যেতে চায় বাবা-মায়ের কাছে, পেতে চায় পরিবারের স্নেহ-ভালোবাসা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জিয়াউল হক নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত প্রোফাইল থেকে এই তথ্য প্রচার করেছেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে এখন প্রশ্ন দেখা দিয়েছে শিশুটির বাবা-মা কে? সেকি তার পরিবারকে ফিরে পাবে?
ফেইসবুক পোষ্টে জানানো হয়েছে, গত ১৬ অক্টোবর শুক্রবার, রাত ১০টার দিকে ঢাকার ফকিরাপুল মোড়ে মুন্নার সঙ্গে দেখা হয় পোষ্ট দাতা জিয়াউল হকের। এ সময় মুন্নার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তার পারিবারিক পরিচয় ও বাড়ি ফেরার আকাঙ্ক্ষার কথা জানা যায়।
মুন্নার দেওয়া তথ্য অনুযায়ী, তার বাবার নাম রাসেল, মায়ের নাম সাথী এবং বোনের নাম শাহীনুর। তার বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায়। তবে নিজের গ্রামের নাম ও ইউনিয়নের নাম সে মনে করতে পারছে না।
মুন্না জানায়, তার নানা বাড়ি ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী গ্রামে। তার তিন খালার মধ্যে দুজনের নাম বৃষ্টি ও তানিয়া। তবে তৃতীয় খালা, দুই মামা এবং নানা-নানুর নাম সে মনে করতে পারেনি।
পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর মুন্নার জীবনের দীর্ঘ সময় কেটেছে ঢাকার রাস্তায়। পথশিশুদের সঙ্গে থাকা, রাস্তায় খাওয়া এবং রাস্তায় ঘুমানোই ছিল তার নিত্যদিনের বাস্তবতা। তবে দীর্ঘ সময় পার হলেও পরিবারের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা হারিয়ে যায়নি তার।
মুন্নাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা কামনা করেছেন পোষ্ট দাতা জিয়াউল হক। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারকে শনাক্ত করতে পারলে আট বছর ধরে বিচ্ছিন্ন থাকা এই কিশোরের বাড়ি ফেরার পথ সুগম হতে পারে। মুন্নার পরিবারের সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: জিয়াউল হক, ঢাকা, মোবাইল: ০১৭১৯-৭৭৯৫৪৪।
এ ব্যাপারে জিয়াউল হক এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি একজন ফায়ারসার্ভিস কর্মী, বাড়ি ময়মনসিংহ। এই ধরনের বিষয় গুলো আমি খুঁজি এবং মাঝে মাঝে ফেইসবুকে পোষ্ট করি। আমি একটা কাজে সেদিন স্কুটি নিয়ে যাচ্ছিলাম। ফকিরাপুল দিয়ে যাওয়ার সময় আমার চোখে পড়ে কিছু শিশু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এসময় তাদের কাছে জানতে চাই, তোমাদের মধ্যে কেউ কি আছো? যে হারিয়ে গেছে। তারপর তাদের মধ্যে থেকে একটি শিশু মুন্নাকে ডেকে এসে বলে সে হারিয়ে গেছে। তারপর মুন্নার কাছে তার সব কথা শুনি এবং কিছু খাবার কিনে দেই।
মুন্না বলে সে তার বাবা-মায়ের কাছে ফিরতে চায়। এরপর তার ছবিসহ ফেইসবুকে একটা পোষ্ট করি। সে ফকিরাপুল মোড়ে রাস্তার পশেই থাকে। কেউ তার পরিবারের খোঁজ পেলে, আমি তার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবো। আমি চাই সকলের সহযোগিতায় সে তার পরিবারকে ফিরে পাক।
বিষয়টি নিয়ে কথা বললে খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামিম হোসেন জানান, যেহেতু আমার ইউনিয়নে তার নানা বাড়ির কথা শুনলাম । শিশুটির ছবি ও নাম ঠিকানাসহ যা তথ্য আছে আমাকে দিন আমি অবশ্যই চেষ্টা করবো তার পরিবারকে খুঁজে পেতে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান এবং ওয়ার্ড সদস্যদের মাধ্যমে তার পরিবারকে খুঁজে পেতে চেষ্টা করা হবে।