

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রতিদিন সকাল থেকে শুরু করে সারাদিন এই গ্রাম ওই গ্রাম এবং হাট-বাজারে মানুষকে সাপের খেলা দেখানো ছিলো যার প্রধান কাজ। আর কাজের আয় দিয়ে কোন রকমে চলে যেতো সাপুড়ে লোগেন হাসদার সংসার। নিয়তির কি নির্মম পরিহাস আজ নিজের বাক্সের সাপের কামড়ে প্রাণ চলে গেলো অভিজ্ঞ সাপুড়ে লোগেন হাসদা (৫৫)। এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামে।
আজ সোমবার বেলা ১১ টার দিকে প্রতিদিনের মতো সাপের বাক্স নিয়ে বাহির হবে সাপুড়ে লোগেন হাসদা। বাড়ির আঙ্গিনায় বাক্সের ভিতর থেকে সাপ বাহির করতে গিয়ে হঠাৎ বিষধর মাছুয়ালি (পদ্মগোখরা) সাপ কামড় দিয়ে বসে সাপুড়ের হাতে। পরে বিকেলের দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত লোগেন হাসদা ওই গ্রামের মৃত শংকর হাসদার ছেলে। তিনি এলাকায় ‘পাগল’ নামে পরিচিত ছিলেন। প্রায় ৩০ বছর ধরে সাপ নিয়ে খেলা দেখানো ও ওঝার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সাপ নিয়ে খেলা দেখাতে যাওয়ার প্রস্তুতি হিসেবে বাড়িতে বাক্স থেকে সাপ বাহির করছিলো লোগেন। এসময় একটি বিষধর মাছুয়ালি (পদ্মগোখরা) সাপ তাকে কামড় দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নবাবগঞ্জ উপজেলা ৮নম্বর মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপের কামড়ে গুরুতর আহত হওয়ার পর লোগেনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
