১৫০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. সাইফুল ইসলাম। আজ রোববার সকালে গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপি’র আয়োজনে উপজেলার ইশানিয়া ইউনিয়নের বকুলতলা নিরাপদ প্রসূতি কেন্দ্রের মাঠ প্রঙ্গনে দিনব্যাপী এই ক্যাম্পেইন হয়।
ক্যাম্পেইনে ৩০০ জন গর্ভবতী মা ও তাদের অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসার এর সভাপতিত্বে আলোচনা এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব ব্রত রায়, গুড নেইবারস্ বাংলাদেশের নর্দান এরিয়ার প্রধান সিমান্ত চিসিম, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির সিডিসি চেয়ারম্যান বিশ্বনাথ রায়, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির সিডিসি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. সোলায়মান আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শিশু গর্ভে থাকাকালীন শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ গঠিত হয়। তাই এসময় মায়ের খাদ্যের উপর বিশেষ যত্ন নিতে হবে। মায়ের খাওয়া খাদ্য প্লাসেন্টা’র মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করে। তাই মা যা খাচ্ছে সেটি মা-শিশু উভয়ের জন্যই পর্যাপ্ত পুষ্টির জোগান দিচ্ছে কিনা, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অন্যদিকে মা যদি অসুস্থ হয় বা যদি কোনো বিষয়ে মানসিকভাবে উদ্বিগ্ন থাকে, সেটিও উভয়ের জন্য সমান ক্ষতির কারণ হতে পারে। তাই গর্ভকালীন একজন মায়ের সমানভাবে শারীরিক ও মানসিক যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। মানসিক চাপমুক্ত থাকা, ভারী কোন ওজন না নেওয়া, উঁচুনিচু স্থান এড়িয়ে চলা, ইত্যাদি বিষয়ে সচেতন থাকতে হবে। স্বাস্থ্য ক্যাম্পে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের স্ত্রীরোগ (গাইনি ও প্রসূতি) বিশেষজ্ঞ ডা. শাহনাজ ফারজানা আফরোজ, বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার (এমসিএইচ – এফপি) বিশেষজ্ঞ তপতী রানী রায় উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন এবং গাক চক্ষু হাসপাতালের সৌজন্যে চক্ষু সেবা প্রদান করা হয়। এসময় এলাকার গরিব ও হতদরিদ্র ১৫০ শতাধীক রোগীকে ব্যবস্থাপত্র, ওষুধ, রোগ নির্ণয় বিনা মূল্যে প্রদান করা হয়।
