×

পাঁচ দিনেও মেলেনি সিয়ামের খোঁজ, সড়কে শিক্ষার্থী ও এলাকাবাসী

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় পাঁচ দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়ামের সন্ধানের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন তার সহপাঠী ও এলাকাবাসী। দ্রুত সিয়ামের সন্ধান নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।
আজ সোমবার দুপুরে বোদা বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুবেল, বোদা পৌরসভা বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, ৩ নম্বর ব্লকের সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম এবং নিখোঁজ সিয়ামের বাবা মো. সল্লু ইসলামসহ অন্যরা।
বক্তারা জানান, গত ১২ নভেম্বর সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়াম। পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও হতাশা বাড়ছে। প্রশাসনের কাছে বারবার ধরনা দিয়েও দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
বক্তারা আরও বলেন, সাধারণ মানুষ ও তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করবে কে? দ্রুত সময়ের মধ্যে সিয়ামের সন্ধানে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে সিয়ামের শিক্ষক, সহপাঠী, এলাকাবাসী ও সাধারণ মানুষসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। একপর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পরে বোদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল এবং বোদা পৌরসভা বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়ের আশ্বাস ও অনুরোধে আপাতত অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।