

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২২শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শবনম মোস্তারিনা ও সঞ্চিতা রায় সহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন বলেন, ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ২২শ’ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে।
