কাহারোলে নদী ভাঙ্গনে বিলিন হচ্ছে ঘর-বাড়িসহ ফসলি জমি


কাহারোল প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের রামপুর আখিরা ডাঙ্গা এলাকায় বন্যার কারণে নদীতে ঘরবাড়ী, ফসলি জমি ও ফুটবল খেলার মাঠ নদীতে বিলিন হচ্ছে। গৃহ হারা হয়ে পড়ছে পরিবারগুলো। আজ মঙ্গলবার দুপুরে ভাঙ্গন এলাকায় গিয়ে দেখা যায়, নদীর পশ্চিম পাড় ভেঙ্গে গিয়ে ঢেপা নদীতে ফসলি জমিসহ ঘরবাড়িঘড় বিলিন হয়েছে। প্রায় ২ বছরপূর্বে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড আংশিক ভাবে জিও ব্যাগ দ্বারা অস্থায়ীভাবে বাঁধ নির্মাণ করলেও কিছু অংশ নদীতে ভেঙ্গে গেছে। গত কয়েকদিনের টানা বর্ষন ও উজানের ঢলে বন্যায় পুনরায় নদীর পশ্চিম পাড় ২০০ মিটার ভেঙ্গে গেছে। নদীরপাড় ভেঙ্গে যাওয়ায় আবাদি জমিতে বালু জমে বালুচড়ে পরিনত হয়েছে। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার এর নিকট গৃহ হারা পরিবারগুলি জরুরীভাবে নদীভাঙ্গন রক্ষা ও ফুটবল খেলার মাঠসহ আবাদি জমি ভাঙ্গন রোধের কবল হতে রক্ষার জন্য আবেদন করেছেন। এ ব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, দ্রুত নদী ভাঙ্গন রোধের জন্য দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, দ্রুত বাঁধ নির্মাণে ব্যবস্থা গ্রহণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নয়নের সঙ্গে কথা হলে তিনি বলেন, দ্রুত ভাঙ্গন রোধের জন্য প্রকল্প গ্রহণ করা হবে।
