শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশিষ্ট শিক্ষাবিদ- ভাষা সৈনিক প্রফেসর শাহ আব্দুল হাই এর ৭ম মৃত্যু বার্ষিকী

দিনাজপুর প্রতিনিধি

বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা সৈনিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান প্রফেসর শাহ আব্দুল হাই এর ৭ম মৃত্যু বার্ষিকী আগামী কাল বৃহস্পতিবার।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামে ঐতিহ্যবাহী শাহ পাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৪ সেপ্টেম্বর ১৯৩৮ খ্রিষ্টাব্দে তিনি জন্ম গ্রহণ করেন। পিতা বিশিষ্ট সমাজ সেবক মরহুম ডা. শাহ আব্দুস সোবহান ও মাতা মরহুম হাওয়া বিবি’র সাত কন্যা ও দুই পুত্র সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সন্তান। তিনি আলোকডিহি জে.বি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৪ খ্রিষ্টাব্দে ম্যাট্রিক পাশ করেন এবং ১৯৬০ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। নিলফামারী কলেজে শিক্ষকতা শুরু করেন ১২ আগস্ট ১৯৬১ খ্রিষ্টাব্দে এবং পরবর্তীতে ২০ জুলাই ১৯৬৫ খ্রিষ্টাব্দে কারমাইকেল কলেজে যোগদান করেন। তিনি বাংলাদেশ বেতারের গীতিকার ও নাট্যশিল্পী হিসেবে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছেন। লিখেছেন অনেক কবিতা, গান ও স্মৃতিকথামূলক লেখা। ছাত্র জীবনে অংশ নিয়েছেন ’৫২- এর মহান ভাষা আন্দোলনে। প্রায় ত্রিশ বছর শিক্ষকতা শেষে সফলতার আলোকবর্তিকা জ্বালিয়ে চাকুরী থেকে অবসরে যান ১৪ সেপ্টেম্বর ১৯৯৫ খ্রিষ্টাব্দে। দেশ বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর শাহ আব্দুল হাই পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে যান ৩ অক্টোবর ২০১৭ খ্রিষ্টাব্দে। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গ্রামের বাড়িতে বায়তুন নূর জামে মসজিদে বাদ আছর দোয়া মাহফিল ও কবর যিয়ারত করা হবে। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This