মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন


গাইবান্ধা প্রতিনিধি
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গাইবান্ধা জেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ ও ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সোয়েব আল হানাফির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মুহম্মদ মাজেউল ইসলাম, আইনুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রানা প্রমূখ। বক্তারা বলেন, ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দিয়েছেন। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দিয়েছেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা। তারা বলেন, কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.)-কে অপমান করা মানবতাবাদী আদর্শকে অপমান করা। রাসূল (সা.) নিয়ে যারা কটূক্তি করে তারা গোটা মুসলিম উম্মার দুশমন। পৃথিবীর মুসলিমরা তাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে এই কটূক্তির অপমান সহ্য করবে না। ভারতীয় পুরোহিতের ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য তার মৃত্যুদন্ডের দাবি করেন।
