এক সাথে তিন ছেলের জন্ম! বেঁচে নেই কেউই


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে আকলিমা বেগম (২৮) নামের এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেয়া তিনজনই ছেলে সন্তান। তবে ওই তিন নবজাতক কেউই আর বেঁচে নেই। আজ (রোববার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ। এর আগে গত শনিবার ভোরে ইউনিয়নের রামডাকুয়া আদর্শগ্রামে (গুচ্ছগ্রাম) নিজ বাড়িতে একে একে তিন নবজাতকের জন্ম হয়। কিন্তু সন্ধ্যায় মারা যান তিনজনই। গৃহবধূ আকলিমা বেগম ওই গ্রামের ফখরুল ইসলামের স্ত্রী। ফখরুল ইসলাম পেশায় একজন জেলে। তিনি দীর্ঘদিন ধরে মাছ বিক্রি করে সংসার চালিয়ে আসছেন। এই দম্পতির ঘরে ফাতেমা আকতার নামে ৭ বছরের এক মেয়ে ও আলী আজগর নামে ৫ বছরের এক ছেলে রয়েছে। নবজাতকদের বাবা ফখরুল ইসলাম বলেন, সন্তানদের চিকিৎসার জন্য সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছিলাম। সেখানে তাদের ভর্তি না নিয়ে রংপুর হাসপাতালে যেতে বলেছে। গরীব মানুষ টাকা-পয়সা নাই তাই বাড়িতে নিয়ে আসি। কিন্তু তিনজনই একসঙ্গে মারা গেল। বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, সংবাদ পেয়ে দেখতে গিয়েছিলাম। তিন নবজাতককে দেখে হাসপাতালে নিয়ে যেতে বলেছি। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন। কিন্তু সন্ধ্যার দিকে তিনজনই মারা গেছেন। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজী মো. আবু আহসান বলেন, তারা এসেছিলেন। ভর্তি করে চিকিৎসাও দেয়া হয়েছে। পরিপূর্ণ চিকিৎসা দিতে গেলে আইসিইউ’র দরকার। কিন্তু এখানে তা নেই। তাই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়েছে।
