×

বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল কৃষকের

রংপুর প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় প্রতিবেশীর অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার কুর্শা ইউনিয়নের চাঁনঘাট গ্রামে ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম রফিকুল ইসলাম (৫৫) উপজেলার কুর্শা ইউনিয়নের চাঁনঘাট গ্রামের মৃত উলি মাহমুদের ছেলে।

পুলিশ স্থানীয়রা জানায়, চাঁনঘাট গ্রামের স্থানীয় এক কৃষক জমির মাঝে সেচ পাম্প থেকে বিদ্যুতের তার টেনে বসতবাড়িতে বিদ্যুতের সংযোগ দেয়। সেই অবৈধ বিদ্যুতের সংযোগের তার ধানক্ষেতে পড়ে ছিল। কৃষক রফিকুল সকালে তাঁর নিজের জমিতে ধান কাটতে যাওয়ার পথে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ধানক্ষেতে পড়ে থাকা রফিকুলের মরদেহ উদ্ধার করে।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর কাউনিয়া জোনাল অফিসের ডিজিএম জোবায়ের আলী বসুনিয়া বলেন, বিগত সময়ে ওই কৃষকের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাসহ জরিমানা করা হয়েছিল। কিন্তু আবারও অবৈধ সংযোগ সচল করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, চাঁনঘাট গ্রামে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। কৃষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।