ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সে অগ্নিকান্ড, আহত ৫


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড (প্রাণ কোম্পানি) এ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। আজ রোববার আনুমানিক বিকাল ৪ টায় কোম্পানির চিপস, টেষ্টি ও ইসবগুলের ভুষি সেকশনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অগ্নিকান্ডের সময় কোম্পানির গেইট বন্ধ করে দেয়া হয়। ভেতরে কোন লোকজনকে ঢুকতে দেয়া হয়নি। তবে ভেতরে কয়েকটি এ্যাম্বুলেন্স ঢুকে কিছু আহত শ্রমিকদের নিয়ে বের হতে দেখা যায়। ভেতরে পুলিশ, ফায়ার সার্ভিস কাজ করছে।
এঘটনায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে খোঁজ নিয়ে ৫জন আহত কে সনাক্ত করা গেছে। আহতরা হলেন, উপজেলার খাজাপুর গ্রামের ফারহান, বলিহারপুর গ্রামের ষষ্টি, কুরমুট মেলাবাড়ী গ্রামের গোপাল, চন্দ্রপুর মেলাবাড়ী গ্রামের অবিনাশ ও পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউপির দন্ডপানি গ্রামের সিদ্দিক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিক সর্দার ষষ্টি বলেন, আমরা শ্রমিকরা গাড়ি লোডের কাজ করছিলাম। এসময় উপর থেকে আগুনের শিখা গাঁয়ে এসে পড়ে। কয়েকজন শ্রমিকের অবস্থা গুরুতর।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার উপেন্দ্রনাথ জানান, আমরা বিকেল সোয়া ৪টায় অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ১০মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। এতে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ছাড়াও পার্শবর্তী দিনাজপুর, বিরামপুর ও পার্বতীপুর ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট কাজ করে একঘন্টা পর আগুন নিয়ন্ত্রেণে আনে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারন করা হয় নি। অগ্নিকান্ডের কারন বৈদ্যুতিক গোলযোগ বলে ধারণা করা হচ্ছে।
এ প্রসঙ্গে প্রাণ বঙ্গ মিলার্স লি. এর ডেপুটি জেনারেল ম্যানেজার তৌহিদুজ্জামান বলেন, এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কোন বড় ধরনের ক্ষয় ক্ষতি হয়নি। আহতদের চিকিৎসা খরচ কোম্পানি বহন করছে।
