শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ান তলা রেলওয়ে সেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সোমবার সকালের দিকে সৈয়দপুর-ঢাকা রেললাইনের দেওয়ান তলা রেলওয়ে সেতুর (৫০এ) পাশে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয় লোকজন।
গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অথবা রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This