ফুলবাড়ীতে পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্টে পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাসুদ রানা সবুজকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টায় পৌর শহরের পূর্ব গৌরীপাড়া গ্রামে চকলেট ফ্যাক্টরির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ রানা সবুজ পৌর শহরের মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় মমলার অজ্ঞাতনামা আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করে বলেন, সারাদেশের মত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাত ৯টায় পৌর শহরের পূর্ব গৌরীপাড়া গ্রামের চকলেট ফ্যাক্টরির সামনে থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে মাসুদ রানা সবুজকে আটক করা হয়েছে। তিনি বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার অজ্ঞাতনামা আসামী। বুধবার তাকে দিনাজপুর আদালতে প্রেরন করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্নআহব্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একাট মামলা দায়ের করেন।
