হিলিতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়


হিলি প্রতিনিধি
আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্য মূল্য সহনীয় রাখতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে মুল্যতালিকা হালনাগাদ না থাকা, বিক্রয় রশিদ না দেওয়া ও অবৈধ পণ্য বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
আজ রবিবার দুপুরে হিলি বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন তাদের এই জরিমানা করেন।
সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক পবিত্র রমজান মাসকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এবং দাম যেন স্থিতিশীল থাকে ও নায্যমুল্যে যাতে ভোক্তা তার পণ্যটি পায় সেই অধিকার প্রতিষ্ঠা করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কাজ করছে। তারই অংশ হিসেবে আজ হিলি বাজারে অভিযান চালানো হয়। এসময় বোতলজাত সোয়াবিন তেলের ক্ষেত্রে কোম্পানিগুলোর কারসাজিতে কৃত্রিম সংকট দেখতে পায়। সরকার নির্ধারিত দামে যেন বোতলজাত ও খোলা সয়াবিন তেল বিক্রি করা হয় সেই নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া মুল্যতালিকা হালনাগাদ না থাকায়, বিক্রয় রশিদ না দেওয়ায় ও অবৈধ পণ্য বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
