আগের পুলিশ ছিল হাসিনার পুলিশ, এখনকার পুলিশ হবে জনগণের পুলিশ
-পুলিশ সুপার, দিনাজপুর


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, আগের পুলিশ ছিল হাসিনার পুলিশ আর এখনকার পুলিশ হবে জনগণের পুলিশ। বিগত ১৫ বছরে কি হয়েছে তা আপনার যেমন জানেন, আমিও জানি। বিগত ফ্যাসিষ্ট সরকার এই পুলিশকে ব্যবহার করেছে। আমি যতদিন দিনাজপুরে থাকব এই পুলিশ হবে জনগণের পুলিশ। আপনারা নিশ্চিত থাকেন আমি জেলার পুলিশ সুপার হিসেবে বলছি, কোন রাজনৈতিক দল বা ফ্যাসিষ্ট সরকার পুলিশকে আর ব্যবহার করতে পারবে না। এই জেলায় এটা হবে না, এটা লিখে রাখতে পারেন।
আজ শনিবার দুপুর ১২টায় জঙ্গী, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সরকার ছিলো গায়েবি মামলাবাজ সরকার। এখন যদি এই এলাকায় ৩২৩,৩২৫ বা ৩২৬ ধারার কোন ঘটনা ঘটে, ধরেন সেটা ৪/৫জন ঘটিয়েছে। আপনি মামলা দিলেন ৫০৫ জনের নামে। তাহলে ওই ফ্যাসিষ্ট সরকারের মামলার হয়রানি আর এখনকার মামলার হয়রানির মধ্যে কোন পার্থক্য থাকলো? একই কাজ যদি আপনি করেন তাহলে হাসিনা আর আপনার মধ্যে পার্থক্য কি হল?
পুুলিশ সুপার আরও বলেন, আমি এখানে যোগদানের পর দেখলাম একটা মামলায় ১০৩ জন আসামি। জিজ্ঞেস করলে, মামলার বাদি একজন আসামির নামও বলতে পারলেন না। এই কাজ গুলো যদি করেন তাহলে হাসিনা আর আপনাদের মধ্যে পার্থক্য কি থাকলো। এজন্য আসুন, আমরা সকলে সচেতন হই যেন ফ্যাসিষ্ট হাসিনার কোন আচরণ আমাদের মধ্যে ফুটে না ওঠে।
জনসাধারণের অংশ গ্রহনে ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (দিনাজপুর সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সুধীজন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানে সচেতন নাগরিক, সাংবাদিক ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
