শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে সুবিধাভোগী সুরক্ষা নীতিমালা সচেতনতা কর্মসূচীর উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদরের ৬নং আউলিয়াপুর ইউনিয়নের করিমুল্ল্যাপুর বাসানবাড়ীতে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশু ও প্রাপ্তবয়স্ক সুবিধাভোগী সুরক্ষা নীতিমালা সচেতনতার মাস পালন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সেই সাথে পরিবারে জেন্ডার ন্যায্যতায় ম্যান কেয়ার (নারীর ক্ষমতায়নে পুরুষের অংশগ্রহণ) বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এবং সেভ গার্ডেন মাস উদ্বোধন উদযাপন উপলক্ষ্যে আজ রোববার উক্ত কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ, ধর্মীয় নেতা মো. ওবায়দুর কাদের, মো. ফরিদুল ইসলাম, মো. নুরুজ্জামান, মো. আব্দুল লতিফসহ অন্যান্য ধর্মীয় নেতারা। বক্তারা বলেন, পুরুষ ও ছেলেদের সম্পৃক্ততায় ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া জেন্ডার সমতা বা নারী-পুরুষ সমতা অর্জন সম্ভব নয়। পরিবার পর্যায়ে নারী ও পুরুষের মধ্যে একটি ইতিবাচক ও সমতাপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য পুরুষ ও ছেলেদের মধ্যেকার ক্ষতিকর জেন্ডারগত দৃষ্টিভঙ্গি ও আচরণের ইতিবাচক পরিবর্তনের কারণে ন্যায্যতা ও সমতা আনার জন্য তাদের সাথে নিয়ে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভাপতির বক্তব্যে সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, ওয়ার্ল্ড ভিশন একটি শিশু কেন্দ্রীয় সংগঠক এবং শিশুর দায়িত্ব ও সুরক্ষা এই সংস্থার সকল কার্যক্রম পরিচালনার মূল বিষয় হিসেবে পরিগণিত হয়। গৃহস্থলি কাজে ও শিশুদের যত্নে মায়েদের পাশাপাশি পুরুষদের দায়িত্ব পালনে সচেতন হতে হবে এবং এ কাজ আমরা বাড়ি থেকেই শুরু করতে পারলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। ম্যান কেয়ার পারিবারিক সহযোগিতা সম্পর্ককে উন্নয়ন এবং শিশু কল্যাণে ও সমাজে অবদান রাখতে পারে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোজেক্ট অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This