চিরিরবন্দরে বিয়ের ৩ দিনের মাথায় শ্বাসরোধে নববধূকে হত্যা, ঘাতক স্বামী আটক


চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে নব বিবাহিতা ৩ দিনের স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করায় স্বামীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
থানা সূত্রে জানা যায়, উপজেলার পুনট্টি ইউনিয়নের হযরতপুর মালাইপুর গ্রামের আজাহার আলীর ছেলে মো. আব্দুর রহিম (২৩) তার নব বিবাহিতা স্ত্রী তানিয়া আকতারকে (১৬) কে গতকাল রোববার দিবাগত রাত ২ টায় তার ঘরে গলাটিপে ও বালিশ চাপা দিয়ে হত্যা করে। এসময় চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা টের পেয়ে এগিয়ে এসে ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার পূর্বক সুরতহাল করে ও ঘাতককে আটক করে।
এ ঘটনায় মেয়ের মা মনজিলা বেগম জানান, তার মেয়ে তানিয়া আকতারের গত ৬ মার্চ বৃহস্পতিবার রাতে বিয়ে হয়েছে। গত ৮ মার্চ শনিবার জামাইসহ মেয়ে শ^শুর বাড়িতে গেছে। তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।
ঘাতক স্বামী আব্দুর রহিমের মা রশিদা বেগম জানায়, তার ছেলে বউকে মেরে ফেলে তাকে জানিয়ে পালানোর চেষ্টা করেছিল। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ছেলেকে আটক করে।
মামলার বাদি মেয়ের বাবা আবু তালেব জানান, তার মেয়েকে তার জামাই হত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. আঃ ওয়াদুদ জানান, এ ব্যাপারে মেয়ের বাবা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। হত্যাকারী প্রাথমিক পর্যায়ে হত্যার কথা স্বীকার করেছে। বিষয়টি আরো তদন্ত ও ময়না তদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
